স্বাগতম

লিনাক্স মিন্ট বাংলাদেশের পক্ষ থেকে আমরা আপনাকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা।

লিনাক্স মিন্ট হচ্ছে একটি অত্যাধুনিক ডেস্কটপ অপারেটিং সিস্টেম। এটি জনপ্রিয় লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্টু এবং ডেবিয়ানের ওপর ভিত্তি করে তৈরি, তবে এর ইন্টারফেস মার্জিত, উন্নততর এবং ব্যবহারবান্ধব। এতে বিভিন্ন মাল্টিমিডিয়া কোডেক ডিফল্টভাবেই দেয়া আছে, ফলে ইনস্টলেশনের পরেই একটি পূর্ণ ব্যবহারযোগ্য ডেস্কটপ পরিবেশ পাওয়া যাবে।

বিশ্বের বিভিন্ন দেশে লিনাক্স মিন্ট ব্যবহারকারীরা একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলেছে। আমাদের এই সাইটটিও লিনাক্স মিন্ট কমিউনিটির একটি অংশ, যা বাংলাদেশের লিনাক্স মিন্ট ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত লিনাক্সমিন্ট ব্যবহারকারী, স্বেচ্ছাসেবক, অনুবাদক এবং ডেভেলপারদের নিয়ে গঠিত আমাদের এই কমিউনিটি।

আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশের সকল প্রান্তে লিনাক্সের প্রচার এবং প্রসার ঘটানো এবং আমরা বিশ্বাস করি, বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে লিনাক্স মিন্টই হচ্ছে লিনাক্সের প্রসার ঘটানোর সর্বোত্তম উপায়। কারণ এটি উবুন্টু এবং ডেবিয়ানের রিপোজিটরি ব্যবহার করে সাথে এর নিজেরও আছে সমৃদ্ধ সফটওয়্যার সংগ্রহশালা। আর বাড়তি সুবিধা হিসাবে এতে আছে মাল্টিমিডিয়া কোডেক যার ফলে লাইভ সিডি থেকেই সকল জনপ্রিয় অডিও বা ভিডিও ফাইল চালানো সম্ভব। লিনাক্স মিন্ট হচ্ছে সেসব বিরল ডিস্ট্রোগুলোর অন্যতম যেগুলো “আউট-অফ-দ্যা-বক্স” আপনার প্রয়োজন মিটাতে পারবে।

এই কমিউনিটিতে আমরা লিনাক্স মিন্ট ব্যবহারকারীদের নিজেদের সমস্যা জানানোর এবং তার সমাধান পাবার সুযোগ করে দিতে চাই যাতে তাঁরা নিজেদের মাঝে আলোচনা করে অনেক নতুন বিষয় শিখতে পারেন এবং অন্যকে শিখাতে পারেন। আমরা বিশ্বাস করি, মুক্ত আলোচনার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ধারণা বের হয়ে আসবে, যা আমাদের অগ্রগতিকে তরান্বিত করবে। আমরা সবাই লিনাক্সমিন্টের প্রসারের জন্য কাজ করে যাচ্ছি এবং যাবো।

আপনিও আমাদের সাথে অংশ নিয়ে, বাংলাদেশে ওপেনসোর্স এবং লিনাক্সের প্রচার ও প্রসারে আমাদের সহ যাত্রী হোন।